৬ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ণ
spot_img
Homeস্বাস্থ্যমাত্র ২০ টাকায় ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ

মাত্র ২০ টাকায় ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ




আলমডাঙ্গা অফিস:

অর্থের অভাবে যেন কোনো ডায়াবেটিস রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, এমন মানবিক ভাবনা থেকেই সেবার পরিধি আরও বাড়িয়েছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। এবার মাত্র ২০ টাকা টিকিটে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগ পাচ্ছেন উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীরা। স্বাস্থ্যসেবায় আলমডাঙ্গার অন্যতম সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। রোগীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে।
সমিতি সূত্রে জানা গেছে, এখন থেকে আলমডাঙ্গা উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীরা মাত্র ২০ টাকা টিকিটের মাধ্যমে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ সুবিধা পেতে উপজেলার ডায়াবেটিস আক্রান্ত সকল রোগীকে সমিতিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রেজিস্ট্রেশনকৃত রোগীদের জন্য আরও বিভিন্ন সুবিধা বাড়ানো হয়েছে। ডায়াবেটিস এমন একটি রোগ, যা অবহেলা করলে ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিডনি জটিলতা, হৃদরোগ, দৃষ্টিশক্তি হারানোসহ নানা গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অথচ নিয়মিত চিকিৎসা, পরামর্শ ও সচেতনতার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এ রোগ। এই বাস্তবতাকে সামনে রেখে ২০২০ সাল থেকে আলমডাঙ্গার ডায়াবেটিস আক্রান্ত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। সময়ের সঙ্গে সমিতির সদস্য ও রোগীর সংখ্যা বাড়লেও সেবার মান ও মানবিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে যায়নি প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। পূর্বের তুলনায় সমিতির সদস্য ও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা মনে করছি, সেবাকে আরও সাশ্রয়ী করলেও কোনো অসুবিধা হবে না। আমাদের লক্ষ্য হলো উপজেলার সাধারণ মানুষ যেন সমিতির সেবা গ্রহণ করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারেন।
মাত্র ২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ। তাদের মতে, যেখানে অনেক মানুষের কাছে চিকিৎসকের পরামর্শ নেয়াও বাড়তি ব্যয়ের বিষয়, সেখানে এমন উদ্যোগ অসংখ্য অসহায় ও নিম্নআয়ের ডায়াবেটিস রোগীর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with