
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
মঙ্গলবার বিকালে নিহতের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যার বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত ইউসুফ ভূঁইয়ার ছেলে জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে প্রতিবেশীদের পক্ষ থেকে তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পারেন। একই দিন দুপুরে প্রতিবেশী হারুন ও তাঁর ভাইদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর বড় ভাই শওকত আলীকে মারধর করা হলে তাঁকে রক্ষা করতে গিয়ে বাবা ইউসুফ ভূঁইয়াও হামলার শিকার হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিতাস থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান নিহতের ছেলে। তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় চারজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে মামলার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারেনি।
নিহতের পরিবারের দাবি, আসামিদের গ্রেফতারের বিষয়ে একাধিকবার থানায় যোগাযোগ করা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় তথ্য, ফোন নম্বর ও পরিচয়সংক্রান্ত কাগজপত্রও দেওয়া হয়েছে। এরপরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবারের সদস্যরা হতাশা ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে তাঁরা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, পরিবারের সদস্য ও সাক্ষীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করা এবং আসামিদের দ্রুত গ্রেফতারে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে তিনবার অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। আসামিদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”



