নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজারে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কদবেল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অপরিপক্ব কদবেল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১টা থেকে আড়াইটা পর্যন্ত বড় বাজারে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবলু মন্ডলের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে তদারকি পরিচালিত হয়। এ সময় ক্যাবের সদস্য রফিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছিল। বিষয়টি তদারকিতে ধরা পড়ার পর সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। একই সঙ্গে কদবেল পাকাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং সংশ্লিষ্ট কদবেল জব্দ করে ধ্বংস করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দ্রুত পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করে ফল বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলী কদর পলাশ,, ভারপ্রাপ্ত সম্পাদক: ব্যারিস্টার তানভীর হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল আলম চঞ্চল, সম্পাদক ও প্রকাশক আলী কদর পলাশ কর্তৃক আলিফ প্রিন্টিং প্রেস ২২১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত। কর্পোরেট অফিস: হাউস নম্বর ১৭, রোড নং ২৮, ধানমন্ডি, ঢাকা-১২০৯। ই-মেইলঃ dailyeiamardesh@gmail.com মোবাইল- +৮৮-০১৭৫৮২৮২৩৪৫
Copyright © 2026 Ei Amar Desh । এই আমার দেশ. All rights reserved.