
বিশেষ প্রতিনিধি
ক্রীড়ার উচ্ছ্বাস, তারুণ্যের প্রাণচাঞ্চল্য আর দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে মুখর হয়ে উঠেছিল কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি। জিয়ারকান্দি পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় জিয়ারকান্দি একাদশ ও নোয়াগাঁও একাদশ।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের চারপাশে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, দৃষ্টিনন্দন আক্রমণ ও গোলের সুযোগে দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন সরকার।
খেলার উদ্বোধন করেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হালিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক এবং জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান।
খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য দেন হাতের লেখায় বিশ্বে প্রথম স্থান অর্জনকারী এবং ক্যালিগ্রাফিতে বাংলাদেশের সেরা হিসেবে পরিচিত মনির হোসেন মাষ্টার। তাঁর সাবলীল ও চমৎকার ধারাভাষ্য পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে। ম্যাচ পরিচালনা করেন পরিচিত রেফারি জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজমল সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনু মেম্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, সদস্যসচিব আল আমিন হক বাবু, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বিল্লাল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার হারুন মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আমির হোসেন গাজী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার মোল্লা, সালাম মোল্লা, জাকির মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক ও স্থানীয়রা মনে করেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংবাদ সংগ্রহ সাংবাদিক ডিউক।



